নেত্রকোনা : অনিয়মের সংবাদ প্রকাশের পর নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সামগ্রী পোড়ানো ও ঔষধ বিনষ্টের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত স্টোর কিপার তৌকিক।
এর আগে গত ১৩ আগস্ট "মদনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চিকিৎসা সামগ্রী পোড়ালেন স্টোর কিপার" শিরোনামে সংবাদ প্রকাশ করে স্থানীয় ও জাতীয় একাধিক দৈনিক। এরপর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে হাসপাতালের আরএমও ডা. তায়েব হোসেনকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কয়েকদিন তদন্ত ও অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর আজ শনিবার (৫ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
অভিযুক্তের দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, " তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত নিজে তার দোষ স্বীকার করেছেন।"
এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "বিষয়টি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পর্যায়ে রয়েছে।"
এদিকে নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মৌলা বলেন, "তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি। সোমবার এ বিষয়টি ৫ সদস্যের কমিটি পর্যালোচনা করবে। আমাদের হাতে আসা রিপোর্ট বিধি মোতাবেক হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় আমরা আবারো তদন্ত করবো। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমটিআই
