নেত্রকোনা : নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১৪। এ সময় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার উচিতপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, আজ বুধবার গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে সালমা আক্তার (৩৪), একই এলাকার চাঁন মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার লালপুর গ্রামের আলী আজমের ছেলে মোঃ. হৃদয় হাসান (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নৌপথে উচিতপুর ট্রলারঘাটে নামেন মাদক কারবারিরা। সেখান থেকে তারা নেত্রকোনার দিকে রওনা দেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল সকালে উচিতপুরে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের তল্লাশি চালিয়ে সালমা আক্তারের সঙ্গে থাকা একটি ট্রাভেল ট্রলি ব্যাগ থেকে ৪টি প্যাকেটে ১০ কেজি গাঁজা, হৃদয় হাসানের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৩টি প্যাকেটে সাড়ে ৭ কেজি গাঁজা এবং মিনা বেগমের কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত গাঁজাসহ তাদের বিরুদ্ধে ময়মনসিংহ র্যাব-১৪ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বুধবার দুপুরে মদন থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করে।
এমটিআই
