নেত্রকোণা : নেত্রকোণার মদনে জানাজা নামাজ থেকে চুরি যাওয়া সাংবাদিকের মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মদন থানা পুলিশ। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় যান উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুল হক চ্যাম্পিয়ন। কবরস্থানের পাশে মোটরসাইকেলটি রেখে জানাজার নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে এসে দেখেন মোটরসাইকেলটি ওই স্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি।
এ ঘটনায় তিনি মদন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিমের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এসআই তারা মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জনকে আটক করে।
আটককৃত মাজহারুল ইসলাম জয় (২৬) ঈশ্বরগঞ্জ উপজেলার তেঁতুলবাড়ী মূলপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।
পরে তার দেওয়া তথ্যমতে কেন্দুয়া উপজেলার দরগাহ রোডের আঃ লতিফের চা দোকানের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এমটিআই
