ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জে র‍্যালি

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৬, ০৭:০৪ পিএম

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জে র‍্যালি

মুন্সীগঞ্জ : শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০:০০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকনেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। একই সঙ্গে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে একটি উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই মুন্সীগঞ্জ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, কৃষি, শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, পর্যটন ও সেবা খাতকে আরও উৎপাদনশীল করতে অপচয় কমানো, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং নতুন ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় জেলা প্রশাসক দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার পরিচালিত বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করতে হবে। একই সঙ্গে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিয়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ জোরদার করতে হবে।

তিনি বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শ্রমবাজারের চাহিদা বিবেচনায় সময়োপযোগী, সময়সীমাবদ্ধ (Time-bound) ও বাজারভিত্তিক (Market-based) কারিকুলাম প্রণয়ন করতে হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

জেলা প্রশাসক শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিল্প উৎপাদনে জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তির প্রসার উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি একটি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পখাত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!