মুন্সীগঞ্জ : ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল ০৯:০০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসা সংলগ্ন কাটাখালী খালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক জনাব ইরাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অভিযানে খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী এ বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।
এমটিআই
