মুন্সীগঞ্জ : আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপি নেতা সুলতান আহমদ। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দিয়ে পৌরবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
সুলতান আহমদ বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলটির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হলেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন।
তিনি বলেন, মুন্সীগঞ্জ শহরেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। রাজধানীর কাছাকাছি হওয়া সত্ত্বেও শহরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ভাঙা রাস্তাঘাট, যানজট, অচল ড্রেনেজ ব্যবস্থা, হকারদের দখল, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, পৌর কর, বিদ্যুৎ বিল ও পানির বিলসহ বিভিন্ন নাগরিক সমস্যা তাঁকে ভাবিয়ে তোলে।
বক্তব্যে সুলতান আহমদ নিজেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের ঘনিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে এমপির সঙ্গে সমন্বয় করে পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করবেন।
মেয়র নির্বাচিত হলে পৌরসভার নাগরিক সেবায় হয়রানি ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সেবা নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করার কথা জানান। পাশাপাশি পৌরসভার আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে উন্মুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন।
সুলতান আহমদ বলেন, “মেয়র পদ কোনো ক্ষমতার চেয়ার নয়, এটি মানুষের সেবা করার সবচেয়ে বড় সুযোগ।” তিনি ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে সামগ্রিক উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর দল-মতের ভেদাভেদ না করে পৌরসভার সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করবেন। তাঁর ভাষায়, ভোট দেওয়া বা না দেওয়া কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে নাগরিক সেবায় কোনো বৈষম্য থাকবে না।
পৌরবাসীর উদ্দেশে সুলতান আহমদ বলেন, “আপনাদের সেবক হয়ে থাকতে চাই, শাসক হয়ে নয়।” তিনি নিজেকে সৎ, শিক্ষিত, ধর্মভীরু ও জনগণের কাছের মানুষ হিসেবে বিবেচনা করে আগামী পৌরসভা নির্বাচনে দোয়া, সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এমটিআই
