মুন্সীগঞ্জ : শনিবার (১০ অক্টোবর) বেলা ১২:০০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান মহোদয় এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়; মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মারজানা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা।
পরিদর্শনকালে কমলাঘাট হরিসভা মন্দির, তিলারদি পঞ্চায়েত পূজা মন্দির, তিলারদি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও দেবালয়, শ্রী শ্রী সুধারাম বাউলের আশ্রম এবং বুড়াবুড়ি গাছতলা পূজা মন্দিরের পূজামন্ডপসমূহে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। কমলাঘাট হরিসভা মন্দির পরিদর্শনকালে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজাসহ সকল উৎসবসমূহের আগে নিয়মিত প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংসদ সদস্য মহোদয়, জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় জানানো হয়, এ বছর মুন্সীগঞ্জ জেলায় মোট ৩৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়া জাতীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭:০০টার পূর্বে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান মহোদয় বলেন, “আমরা সমাজে একত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠানগুলো নিরাপদ, সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা এক আকাশের নিচে সারা বছর মিলেমিশে বসবাস করি। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল আমাদের এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আমরা পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর মুন্সীগঞ্জ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনারা পূজার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নির্বিঘ্নে, নির্ভয়ে ও আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় বিশ্বাস যার যার, কিন্তু সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় আমরা সব সময় পাশে থাকব। আপনারা কোনো ধরনের শঙ্কা বা ভয় ছাড়াই শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন।”
এমটিআই
