ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ | মুন্সীগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৬, ০৬:৩৪ পিএম

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ : রোববার (১১ অক্টোবর) সকাল ১০ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় বলেন, “মুন্সীগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, ঐতিহ্যের নগরী। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে নিয়মিত তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”

তিনি আরও বলেন, এলপিজির মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান চলমান রয়েছে এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার ও বিপণন রোধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে। পরিবেশদূষণ রোধে সংশ্লিষ্ট সকল দপ্তরকে তাদের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, “জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা একে অপরের প্রতিযোগী নন, বরং সহযোগী। এ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট সকল দপ্তরের। কোথায় কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধান করতে হবে। প্রত্যেক দপ্তরের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করা।”

তিনি আরও উল্লেখ করেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। একইভাবে জেলার নির্বাচিত তিনজন সংসদ সদস্যের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা, কার্যকর সমন্বয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি, জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা-সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি, জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জেলা কমিটি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!