মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ঘোড়ার মাংস প্রস্তুত করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জবাইকৃত ৯টি ঘোড়ার মাংস ও একটি জীবিত অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত (৮ এপ্রিল) সকালে গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় কিছু লোক অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করে প্রাণিসম্পদ কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আল-আমিন শিকদারের আবেদনের প্রেক্ষিতে গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মুন্সীগঞ্জসহ গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে গত (৯ এপ্রিল) সন্ধ্যায় চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত (২১)।
পুলিশ সুপার আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে অসুস্থ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত। পরে মাংস প্রক্রিয়াজাত করে পিকআপযোগে ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমটিআই
