ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

খুলনায় চায়ের দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

বর্তমান সংবাদ | খুলনা ব্যুরো

এপ্রিল ১৩, ২০২৬, ১১:৫১ পিএম

খুলনায় চায়ের দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা : খুলনার খালিশপুরে মধ্যরাতে চায়ের দোকানে ঢুকে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান।

নিহত ৩৮ বয়সী সোনা মিয়া ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী বাবু বলেন, সোনা মিয়া তাঁতী দল করার পাশাপাশি ওই এলাকায় দীর্ঘ দিন ধরে চায়ের দোকানে করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে সোনা মিয়া নিজ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন এসে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে।

প্রাণ বাঁচাতে সোনা মিয়া দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তৌহিদুজ্জামান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি। এ ঘটনায় কেএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর সুদর্শন কুমার রায় বলেন, সোনামিয়া গত রাতে দোকানে বসা ছিলেন।

একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার ডান হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে পরপর দু’টি আঘাত করে। এরপর দোকান ছেড়ে দৌড় দিয়ে পার্শ্ববর্তী একটি কোম্পানীর গোডাউনে গিয়ে আশ্রয় নেয়। সেখানে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। 

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে ঘটনায় জড়িতদের সনাক্ত গ্রেপ্তার করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!