মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার লাখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে মোল্লাবাজার সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এতে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
জানা যায়, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন এবং ঢাকার কেরানীগঞ্জের মোল্লাবাজার অংশের মধ্যে ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন এ সেতুর কাজ ২০১৮ সালের জুনে কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। দীর্ঘসূত্রতার কারণে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা পরিষদের তথ্য কর্মকর্তা মো. বশির লস্কর স্মারকলিপি গ্রহণ করেন। একইসঙ্গে কেরানীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলীর পক্ষে সহকারী প্রকৌশলী মো. শরিফ স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. মান্নান সেতুর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন। শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মোহাম্মদ জমির হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মোল্লাবাজার সেতু চালু হলে মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং ব্যবসা-বাণিজ্যসহ স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। তবে দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় জনমনে হতাশা তৈরি হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ সম্পন্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এমটিআই
