গাইবান্ধা : গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌর শহরের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের পর আবারও হকারদের দখলে ফুটপাত! এতে করে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিন আগে পৌর প্রশাসকের অভিযানে সড়কের পাশের সকল অবৈধ হকার উচ্ছেদ করা হয়। সেই সাথে নির্দেশনা দেওয়া হয় পুনরায় ফুটপাত দখল করলে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সেই অভিযানের কিছুদিন যেতে না যেতেই পুরোনো চিত্রে ফিরতে শুরু করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত।
গত শনিবার পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে,গিয়ে দেখা যায়, আইনি নির্দেশনা উপেক্ষা করে হকাররা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। ফুটপাতজুড়ে দোকান বসিয়ে রাখা হয়েছে, ফলে পথচারীদের চলাচল করতে অসুবিধা হচ্ছে।
এবিষয়ে হকারদের সঙ্গে কথা বললে তারা জানান, জীবিকার তাগিদেই তারা আবার ফুটপাতে বসেছেন। বিকল্প কোনো জায়গা না থাকায় তারা এ পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।
তারা আরও বলেন যেহেতু শহরের রাস্তার দু'ধারে অনেক যায়গা দখল মুক্ত নয় তারা যদি থাকতে পারে আমরা কেন পারবোনা?যদি আমাদেরকে থাকতে নে দেয় তারা কেন থাকবে?
অন্যদিকে, পথচারীরা অভিযোগ করে বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী,স্কুলগামী শিশু ও বয়স্কদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এবিষয়ে পৌর প্রশাসক মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার জানান,আমরা যে যায়গা দখল মুক্ত করেছি তা আর দখল করতে দেবোনা বা যদি আবারো বসার চেষ্টা করে সেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো,।
এমটিআই
