ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬,
বগুড়ায় তারেক রহমান

জনগণকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করব

বর্তমান সংবাদ | বগুড়া প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ১০:০৫ পিএম

জনগণকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করব

বগুড়া : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ ম্যানডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সেই ম্যানডেট বিএনপি ধীরে ধীরে বাস্তবায়ন করবে। জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে। জনগণের কল্যাণে সকল ম্যানডেট বাস্তবায়ন করা হবে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া শহরের  আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল তা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। একযুগ আগে কথা বলার যে অধিকার কেড়ে নেয়া হয়েছিল সেই অধিকারকে এদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ দেখেছে সেসময় কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে। 

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপির পরিচালনায় এসময় প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান, বিভিন্ন আসনের এমপি, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এদেশের জনগণের আন্দোলনে বিগত সরকারের পতন হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। নির্বাচনে আমরা জয়ী হয়ে দেশ পরিচালনা করছি, এটি আমাদের দায়িত্ব। 

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের বিষয়ে তিনি বলেন, আজ গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আমরা কথা দিয়েছিলাম, দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রান্তিক আয়ের মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। বিএনপি কৃষকের পাশে দাঁড়ানোর কথা বলেছিল, আমরা কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু করেছি। আমরা বলেছিলাম কৃষকদের ঋণ মওকুফ করব। আমরা কৃষকদের সুদসহ ঋণ মওকুফ করেছি। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। 

খাল খননের বিষয়ে তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান এই বগুড়ার সন্তান। তিনি খাল খনন শুরু করেছিলেন কৃষি উন্নয়নের জন্য।  আমরা খাল খনন শুরু করেছি। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। কৃষকের উৎপাদন বৃদ্ধি হবে। দেশ এগিয়ে যাবে। এদেশে লুটপাট করা হয়েছে। দেশের মানুষকে শুধু স্বপ্ন দেখানো হয়েছে। নদী খাল ভরাট করে দখল করা হয়েছে।

দেশে সবুজায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্বত্র আমরা বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছি। আমাদের সময়ে সারাদেশে সবুজায়নে কাজ করে যাচ্ছি। 

আইনের দোহাই দিয়ে শাসন চালালেও তখন দেশে ‘ন্যায়বিচার’ ছিলো না দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ অন্ধকারের শাসন থেকে মুক্তি পায়। সুতরাং, বর্তমান সরকার এবার দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

বিদেশে কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি যাতে অল্প খরচে বিদেশে কর্মসংস্থান করা যায়। সেই সাথে দেশের পণ্য বিদেশে রপ্তানি করা যায়।

রেলপথ নির্মাণের বিষয়ে তিনি বলেন, খুব দ্রুত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। 

এদিন সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউজে সস্ত্রীক পৌছান তারেক রহমান। এসময় তার সাথে প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোমবার সকাল ১১টা ৯ মিনিট সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জজকোর্ট চত্বরে  উপস্থিত হয়ে নবনির্মিত আইনজীবি সমিতির ভবন উদ্বোধন করেন। এরপর সাড়ে ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। বেলা ১২টার দিকে বগুড়ায় নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পরে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা  হোন। এরপর তিনি সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া কলেজ মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেন, নশিপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করে পৈতৃক  ভিটা “জিয়া বাড়ি” পরিদর্শন করেন।

সন্ধ্যায় জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

Link copied!