ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

লন্ডনের আলতাব আলী পার্কে ডিসি সারওয়ার আলমের পুনর্বহালের দাবিতে সমাবেশ

বর্তমান সংবাদ | সিলেট প্রতিনিধি

জুন ২৭, ২০২৬, ০৬:৫১ পিএম

লন্ডনের আলতাব আলী পার্কে ডিসি সারওয়ার আলমের পুনর্বহালের দাবিতে সমাবেশ

সিলেট : লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের পুনর্বহালের দাবিতে এক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে অংশগ্রহণকারীরা সততা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

সমাবেশে বক্তারা দাবি করেন যে, সারওয়ার আলম সিলেটের উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মতে, তার দায়িত্বকালে পাথর চুরি ও অবৈধ উত্তোলন রোধে অভিযান, মাজার ও ওয়াক্ফ-সংশ্লিষ্ট অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ এবং ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম ব্যাপক জনসমর্থন লাভ করেছিল। এসব পদক্ষেপ সিলেটে সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও দাবি করেন, “একটি সিলেটবিরোধী গোষ্ঠী, দুর্নীতিগ্রস্ত স্বার্থান্বেষী চক্র এবং বাংলাদেশবিরোধী কিছু মহল পরিকল্পিতভাবে সারওয়ার আলমের বিরুদ্ধে কাজ করেছে। সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণেই তিনি কিছু প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন।”

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে লেখা ছিল “সততার জয় হোক”, “সারওয়ার আলমকে পুনর্বহাল করতে হবে”, “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন”, “আমরা আর্থিক স্বচ্ছতা চাই” এবং “সুশাসনের পক্ষে, সারওয়ার আলমের পাশে”।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থে কাজ করা সৎ ও দক্ষ কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত। তারা সারওয়ার আলমের পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন এবং সিলেটের উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করেন।

সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে অংশগ্রহণকারীরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!