ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বর্তমান সংবাদ | লক্ষ্মীপুর প্রতিনিধি

জুন ২৮, ২০২৬, ০৬:২১ পিএম

চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে লাহারকান্দি ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৬ জুন) সকালে চাঁদখালী বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সদর থানা পূর্ব বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোরশেদ আলম, লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বতের রশিদ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদখালী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি নুর উদ্দিন মাহমুদ পিরন, সহ-সভাপতি মাওলানা হাসান মাহমুদসহ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, গত ১২ জুন চাঁদখালী বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের একটি পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন এবং সমিতির কার্যালয়ে তালা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি এবং ইউনিয়ন বিএনপি ও জেলা বিএনপির সদস্য ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

তারা দাবি করেন, বণিক সমিতির নির্বাচন সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের নিজস্ব বিষয়। এ বিষয়ে বিএনপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। বরং অতীতেও বাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ইউনিয়ন বিএনপি ব্যবসায়ীদের সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বক্তারা আরও বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সত্য তথ্য যাচাই করে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!