ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬,

৩৩০ মিলিমিটার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বর্তমান সংবাদ | চট্টগ্রাম ব্যুরো

জুলাই ৭, ২০২৬, ০৬:২৯ পিএম

৩৩০ মিলিমিটার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও গোড়ালিসম পানি আবার হাঁটু সমান পানি জমে যায়। ফলে চরম দুর্ভোগে পরেছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা। যদিও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত পতেঙ্গা পতেঙ্গা আবহাওয়া অফিসে বিগত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে বৃষ্টিতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, শোলকবহর, রহমতগঞ্জ, কাপাসগোলা, ফরিদার পাড়া, জিইসি, আগ্রাবাদ, মুরাদপুর, কুসুমবাগ, হালিশহরের কে ও এল ব্লকের সোনালি আবাসিক, বসুন্ধরা আবাসিক, রামপুর, আনন্দীপুরসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি জমেছে। অনেক বাসাবাড়ি ও দোকানের নিচতলায় পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।

 আজগর হোসেন নামে এক চাকরিজীবী  বলেন, আমার অফিস আগ্রাবাদ এলাকায়। সকাল থেকে সেখানে হাঁটুসমান পানি জমেছে। পানির কারণে অফিসে ঢুকতে কষ্ট হচ্ছে।

জান্নাতুল ফেরদৌস এশা নামে এক শিক্ষার্থী বলেন, খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকায় আমাদের বাসা। সেখানে পানি উঠে গেছে। বাসা থেকে বের হওয়ার উপায় নেই।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী দেশ রুপান্তরকে বলেন, আগামী শুক্রবার পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে বৈরী আবহাওয়ায় সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা দেশ রুপান্তরকে বলেন, পরীক্ষা কমিটির প্রস্তাব অনুযায়ী আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নগরীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। এই পরীক্ষা পরে নেওয়া হবে।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!