লক্ষ্মীপুর : আমাদের সরকারের একটি প্রতিশ্রুতি, মাদকমুক্ত করতে হবে বাংলাদেশকে। এজন্য যুব সমাজকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকে যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহন করছে। তার অন্যতম একটি হচ্ছে ক্রীড়া। সরকার ক্রীড়াকে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার সিলেবাসের অংশ ক্রীড়া, ক্রীড়ার সমস্ত সুযোগ সুবিধা বৃদ্ধি হচ্ছে।
শুক্রবার (১০জুলাই) বিকালে লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে ১২দলের অংশগ্রহনে এ টুর্নামেন্ট শুরু হয়।
আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করেছে। যাতে কিশোর-কিশোরীরা অংশ নিচ্ছে। এতে করে নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে। এ রাষ্ট্র আমাদের, এদেশ আমাদের, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের মধ্যে যে মাদকের ক্যান্সার ডুকানো হয়েছে, যেটাকে প্রতিহত করতে আমাদের ভূমিকা রাখতে হবে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে ও রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহরিয়ার ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহসিন কবির স্বপন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সফিকুল আলম আলমাস প্রমুখ।
এমটিআই
