লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সতি নদী থেকে শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হররাম এলাকার বাসিন্দা এবং তারক নাথ চন্দ্রের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
১৮ জুলাই শনিবার সকালে উপজেলার হররাম পূর্বপাড়া গ্রামের সতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা বলেন, শুক্রবার সকাল থেকে শিশু বর্মন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পারাপারের সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আইনগত জটিলতার বিষয় না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমটিআই
