পঞ্চগড় : সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী রাহেমীন মারিয়া এলিনকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে জড়িয়ে মিথ্যা তথ্য ও চরিত্র হননের চেষ্টা করা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড়ের রাহেমীন মারিয়া এলিন নামে এক শিক্ষার্থী।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,জেলার দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী রাহেমীন মারিয়া এলিন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর একটি পুরোনো ছবি জড়িয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে।
এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিওও তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শিক্ষার্থী রাহেমীন মারিয়া এলিন বলেন, একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে তোলা বাস্তব একটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এসব ছবি ও ভিডিও সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে এলিন বলেন, বিভিন্ন ভুয়া আইডি ও ফেসবুক পেজ থেকে এসব প্রচারের কারণে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি তিনি কলেজে যেতেও সংকোচ বোধ করছেন।
শিক্ষার্থী রাহেমীন মারিয়া এলিন দাবি করেন, এর আগেও তার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। সর্বশেষ ছবি ও ভিডিও প্রচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমটিআই
