নেত্রকোনা : পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম এর নেতৃত্বে সোমবার (৩১ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।
এ সময় হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে জরুরি বিভাগ, আউটডর, ওয়ার্ড এবং আঙ্গিনার চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, আগাছা ছাঁটাই করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, "হাসপাতাল হচ্ছে সেবার জায়গা। রোগীরা এখানে সুস্থ হওয়ার জন্য আসেন। তাই হাসপাতালের পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের কোনো বিকল্প নেই। এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে"।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, উপজেলা প্রাণিসম্পদ মাহাবুব আলম, উপজেলা পঃ পঃ নুরুল হুদা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ,ওসি (তদন্ত) অসীম কুমারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ।
অভিযান শেষে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন তৎপরতায় হাসপাতালে আসা রোগী ও স্বজনরা উপকৃত হবেন।
এমটিআই
