ঢাকা : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান বাংলাদেশে সফট স্কিল ডেভেলপমেন্ট এবং নিড-বেজড এডুকেশন খুব গুরুত্বের সঙ্গে প্রয়োজন। ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজে আমাদের যে গ্যাপ রয়েছে তা দূর করতে আজকের আলোচনার মধ্য দিয়ে বেরিয়ে আসা বিষয়গুলো নিয়ে গবেষণাপ্রাপ্ত পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘ট্র্যান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বানিয়েছিলেন এবং শিক্ষকদের বিদেশে ছুটি কাটানোর বদলে এখানে পড়ানোর ব্যবস্থা করেছিলেন। দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় ডক্টর ইয়াজউদ্দিন সাহেবের নেতৃত্বে ১৯৯২ প্রাইভেট অ্যাক্ট দিয়ে দেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ওপেন ইউনিভার্সিটি হয়েছিল। বর্তমানে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা ৫৭-তে দাঁড়িয়েছে। আমরা কোয়ান্টিটিতে এগিয়ে গেলেও কোয়ালিটিতে কতটুকু পেরেছি তা ভাবতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, নিড-বেজড এডুকেশন এবং আগামী দিনের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য। জিয়া পরিবারে এমন কোনো নেতা নেই যিনি শিক্ষাকে গুরুত্ব দেননি। কারিকুলাম ও লার্নিং আউটকামস নিয়ে কাজ চলছে যেন আগামী প্রজন্মকে সত্যিকার অর্থে শিক্ষা দান করা যায়।
ড. এহছানুল হক মিলন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেছিলেন এবং দেশমাতা বেগম খালেদা জিয়াও শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও একইভাবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। আগামী দিনের শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনের প্রতিশ্রুতি দেন তিনি।
এমটিআই
