ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

গোয়েন্দা প্রতিবেদন হাতে, প্রাথমিকের ১৪ হাজার শিক্ষককের প্রশিক্ষণ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৬, ০৬:৫৮ পিএম

গোয়েন্দা প্রতিবেদন হাতে, প্রাথমিকের ১৪ হাজার শিক্ষককের প্রশিক্ষণ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে শিক্ষকরা যোগ দেবেন। 

মঙ্গলবার (২১ জুলাই) অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে ঢাকা জেলার প্রাথমিকের সব স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. মিলন বলেন, প্রাথমিকে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করেছিল। নিয়োগ পাওয়া শিক্ষকদের গোয়েন্দা প্রতিবেদন এসেছে। খুব দ্রুত তাদের প্রশিক্ষণ শুরু হবে। দুই মাসের প্রশিক্ষণ শেষে তারা যোগদান করবেন।

শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদান দিতে হবে জানিয়ে গণশিক্ষা মন্ত্রী বলেন, সারা দেশের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষকদের ঢাকায় নিয়ে আসা দরকার। তবে বিষয়টি নিয়ে কেউ কথা বলে না। তবে এটিই হওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে রাখা হয়েছিল। পূর্ববর্তী সরকারও বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আমি সংসদে একদিন বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। পরেরদিনই মামলাটি খারিজ হয়ে যায়। মামলা জটিলতা কেটে গেছে। শিগগিরই এ পদগুলোতে পদায়নের কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

এমটিআই

বর্তমান সংবাদ

M. J. Holiday Resort
banner
Link copied!