ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বজ্রপাতের সময় নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

বর্তমান সংবাদ | লাইফস্টাইল ডেস্ক

মে ৫, ২০২৬, ০৮:১৪ পিএম

বজ্রপাতের সময় নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

ঢাকা : প্রকৃতির খামখেয়ালি আচরণে বজ্রপাত এখন এক বড় আতঙ্ক। হুটহাট বজ্রঝড় শুরু হলে বাইরে থাকাটা বেশ ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে আবহাওয়া বিশেষজ্ঞদের দেওয়া সেরা কিছু পরামর্শ এখানে তুলে ধরা হলো।

দ্রুত ঘরের ভেতরে ঢুকুন

বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ জায়গা হলো কোনো পাকা ভবন। ঝড়ের সংকেত পাওয়া মাত্রই খোলা জায়গা ছেড়ে দ্রুত কোনো বাড়ির ভেতরে বা নিরাপদ আশ্রয়ে চলে যান।

নিচু জায়গায় অবস্থান নিন

যদি আশেপাশে কোনো ভবন না থাকে, তবে সমতল জায়গায় না দাঁড়িয়ে কোনো নালা বা নিচু জায়গা খুঁজে নিন। পাহাড়ের চূড়া বা উঁচু জায়গা দ্রুত ত্যাগ করুন। মনে রাখবেন, বজ্রপাত সাধারণত উঁচু বস্তুকে আগে আঘাত করে, তাই আপনি নিজে যেন আশেপাশের চেয়ে উঁচু না হন সেদিকে খেয়াল রাখুন।

গাড়ি হতে পারে বিকল্প আশ্রয়

ভবনের সুযোগ না থাকলে বন্ধ গাড়ির ভেতরে আশ্রয় নিন। অনেকের ধারণা টায়ারের রাবার সুরক্ষা দেয়, কিন্তু আসলে গাড়ির ধাতব কাঠামোই বিদ্যুৎকে আপনার শরীরের সংস্পর্শে আসতে না দিয়ে মাটিতে পাঠিয়ে দেয়। তবে খোলা জিপ বা বাইক একেবারেই নিরাপদ নয়।

পানির কাছ থেকে দূরে থাকুন

পানি বিদ্যুৎ পরিবাহী। তাই বজ্রপাতের সময় পুকুর, নদী, সমুদ্র বা সুইমিং পুলের ধারে থাকা অত্যন্ত বিপজ্জনক। বজ্রের শব্দ শোনা মাত্রই পানির সংস্পর্শ ত্যাগ করুন।

গাছ, তাঁবু বা প্যাভিলিয়ন এড়িয়ে চলুন

একাকী দাঁড়িয়ে থাকা বড় গাছ বা পার্কের ছাউনি (প্যাভিলিয়ন) এবং তাঁবুতে আশ্রয় নেওয়া মোটেও নিরাপদ নয়। এগুলোর ধাতব বা পরিবাহী কাঠামো বজ্রপাতকে আকর্ষণ করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস দেখুন

বাইরে লম্বা সময়ের জন্য ঘুরতে গেলে বা পাহাড়ে চড়তে গেলে আগে থেকেই স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।

আকাশ মেঘলা থাকলে বা ঝড়ের সম্ভাবনা থাকলে বাড়ির বাইরে না যাওয়াই বুদ্ধিমানের কাজ।

শব্দ শোনামাত্র সতর্ক হোন

অনেকে মনে করেন বৃষ্টি না হওয়া পর্যন্ত বিপদ নেই। এটি ভুল ধারণা। বজ্রের গর্জন শোনা মাত্রই বুঝবেন আপনি বিপদের সীমানায় আছেন। দেরি না করে সাথে সাথে নিরাপদ আশ্রয়ে চলে যান। সূত্র : অ্যাকু ওয়েদার

এমটিআই

বর্তমান সংবাদ

Madrasatun Nur Al Islamiyyah Mossharrof Hossain
Tasneem Sinha
Projapoti Holdings Ltd
Link copied!