ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

কুষ্টিয়ায় পাঁচজনসহ সড়কে ঝরল ১৭ প্রাণ

বর্তমান সংবাদ | নিউজ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৮:২৪ পিএম

কুষ্টিয়ায় পাঁচজনসহ সড়কে ঝরল ১৭ প্রাণ

ঢাকা : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৫ জনের প্রাণহানি হয়েছে।

এছাড়া আর পাঁচ জেলায় নিহত হয়েছেন আরও ১২ জন। এর মধ্যে যশোরে ৪ জন, দিনাজপুরে ৩ জন, কুমিল্লার চৌদ্দগ্রামে ২ জন এবং চট্টগ্রামের পটিয়ায় ২ জন, জয়পুরহাটে একজন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৪ জন। 

শনিবার (২৩ মে) সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরে-

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহি বাস ও বালু বোঝাই ড্রাম ট্রাকের সংঘর্ষে ৪ যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। 

তারা হলেন- খোকসা উপজেলার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে নাবিল হোসেন (২৮) ও দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাঠপাড়া এলাকার রুহুল আমিনের মেয়ে রাফিয়া খাতুন (১৫)। নিহত অপর দুজন পুরুষ। 

শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমূখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। তাদের দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের শনাক্তে কাজ করছে পুলিশ। 

অপরদিকে, সদর উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এদিন সকালে ইঞ্জিনচালিত ট্রলিচাপায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার মামুন হোসেনের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর: সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানচালকসহ ৪ যাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার ঘুনিপূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) ও ছেলে সৌভিক সাহা (৪) ও চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ভ্যানচালক আনোয়ার আলী (৭০)।

সদর মডেল থানার ওসি মাছুম খান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

দিনাজপুর: ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় শনিবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার নুরপুর এলাকার মোশাররফ হোসেন ছেলে আলামিন (১৫), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)। 

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়।

‎চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রাম উপজেলায় শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকসহ দুইজন নিহত হয়েছেন। 

তারা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র গ্রামের মো, দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) ও ভবঘুরে পাগল (৩২) বছরের যুবক।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ বলেন, নিহত অজ্ঞাত যুবকের লাশ ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পান্না বেগমের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। 

চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রামে পটিয়া দিকে উপজেলার আনসার ক্যাম্পের সামনে শনিবার দুপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও একজন। 

নিহতরা হলো- উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার আখতার হোসেনের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (১৫) ও একই এলাকার জাহেদুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসনিম (১৫)। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট: জয়পুরহাট শহরে জেলা শিল্পকলা একাডেমির সামনে শনিবার সকালে ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!