ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

রামিসা হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ২৩, ২০২৬, ০৮:২৬ পিএম

রামিসা হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

ঢাকা : রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। 

সিআইডি জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেন।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তারা হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রিপোর্ট হাতে আসায় এখন অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রবিবার (২৪ মে) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।

এদিকে রামিসা ধর্ষণ মামলা পরিচালনায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পিপি নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!