পর্তুগাল : অ্যাসোসিয়েশন অব পর্তুগালের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত শেখ নির্বাচিত হয়েছেন।
খলিলুর রহমান সাগর কে নির্বাচন কমিশনের প্রধান করে সাইফুল ইসলাম ও টিটু আহমেদ এর নেতৃত্বে এবং রনি হোসাইনের পরিচালনায় মুন্সীগঞ্জ জেলার ৬ উপজেলার সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের নতুন কমিটি গঠন করা হয়।
পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন কমিটির নেতৃত্বে মুন্সীগঞ্জের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান বলেন, পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সংগঠনকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক শাহাদাত শেখ বলেন, সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী মুন্সীগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করবে।
নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নতুন কমিটির সফলতা ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন তারা।
এমটিআই
