ঢাকা : বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী। হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার আগে তিনি নিজ দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করা, সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক পর্যায়ে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত তথ্য অধিদপ্তর (এডিজিপিআই) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘বাংলাদেশে ভারতের হাইকমিশনার (মনোনীত) শ্রী দীনেশ ত্রিবেদী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই আলোচনায় ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা, সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।’
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এএনএআই লিখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের অধীনে এই সম্পর্ক অত্যন্ত বাস্তবসম্মত ও পারস্পরিক স্বার্থের দিকে এগিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে যখন ভারত-বাংলাদেশ সম্পর্ক নিরাপত্তা উদ্বেগ, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তনের কারণে একটি জটিল পর্যায় অতিক্রম করছে।
এমটিআই
