ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

এলপিএলে একই ফ্র্যাঞ্জাইজিতে সাকিব-তাসকিন, ড্রাফটে ৪৮ বাংলাদেশি

বর্তমান সংবাদ | ক্রীড়া ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৮:৩৯ পিএম

এলপিএলে একই ফ্র্যাঞ্জাইজিতে সাকিব-তাসকিন, ড্রাফটে ৪৮ বাংলাদেশি

ঢাকা : দীর্ঘ বিরতি ভেঙে আবারও বাইশ গজে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান। 

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী সংস্করণে জাফনা কিংসের জার্সিতে মাঠ মাতাবেন সাবেক এই টাইগার অধিনায়ক। 

তবে তিনি একা নন, একই দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন জাতীয় দলের গতি তারকা তাসকিন আহমেদকেও।

লঙ্কান প্রিমিয়ার লিগের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল থেকে দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নেওয়ার পর লঙ্কান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ কার্ড প্রকাশ করেছে। 

সেখানে সাকিবের সামর্থ্যের প্রশংসা করে লেখা হয়, বিশ্ব টি-টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন জাফনা কিংসে। 

দলের কঠিন মুহূর্তে যখন স্থিতিশীলতা ও রানের প্রয়োজন হয়, তখন তিনি ব্যাট হাতে হাল ধরেন। আবার দলের ব্রেকথ্রুর প্রয়োজনে বল হাতে তুলে নেন মহামূল্যবান উইকেট। চাপের মুখে তার শান্ত থাকা এবং বিশাল অভিজ্ঞতাই হবে দলের মূল শক্তির উৎস।

লঙ্কান লিগে সাকিবের খেলার অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের আসরে তিনি গল টাইটানসের হয়ে খেলেছিলেন। সেবার ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ১১টি উইকেট।

গত দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৭ জুলাই থেকে পর্দা উঠতে যাচ্ছে এলপিএলের নতুন আসরের। কলম্বোয় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের জাফনা কিংস, যেখানে তাদের প্রতিপক্ষ গল মার্ভেলস।

তার আগে ১ জুন হবে প্লেয়ার্স ড্রাফট। ৩১০ খেলোয়াড়ের এই ড্রাফটে বাংলাদেশের ৪৮ জন থাকছেন।  

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!