ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

জব্বারের বলী খেলায় বাঘা শরীফের টানা তৃতীয় শিরোপা

বর্তমান সংবাদ | চট্টগ্রাম ব্যুরো  

এপ্রিল ২৫, ২০২৬, ০৬:২৯ পিএম

জব্বারের বলী খেলায় বাঘা শরীফের টানা তৃতীয় শিরোপা

চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় 'হ্যাট্রিক' চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ।

শনিবার বলি খেলার ১১৭ তম আসরে তিনি একই জেলার মো. রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

এবাবরে বলী খেলায় অংশ নিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ১০৮ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন।

এবারের আসরে গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদসহ প্রথম চার জন সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেন।

তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম রাউন্ডের বাছাই পেরিয়ে আসা বাগেরহাটের মো. মামুন, কুমিল্লার দিপু, নারায়ণগঞ্জের নুরুল ইসলাম ও সাভারের মো. মিঠু।

কোয়ার্টার ফাইনালে গতবারের সেমিফাইনালিস্ট শাহজালাল খেলেছেন নুরুল ইসলামের বিরুদ্ধে, মিঠু লড়েন কামালের বিরুদ্ধে, বাঘা শরীফ খেলেন দিপুর বিরুদ্ধে এবং রাশেদ খেলেন মামুনের সঙ্গে।

বাঘা শরীফ সেমিফাইনালে সহজেই শাহজালালকে হারিয়ে ফাইনালে ওঠেন, তার বিরুদ্ধে আবার ফাইনালে ওঠেন রাশেদ। তিনি সেমিফাইনাল খেলেন মিঠুর বিরুদ্ধে।

শাহজালালের সঙ্গে মিঠুর তৃতীয় স্থান নির্ধারণী খেলা জমে উঠে। ১৭ মিনিটের বেশি সময় গড়ানো এ খেলায় মিঠু বলী খেলার ১১৪তম আসরের শাহজালালকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে।

এদিন বিকাল সাড়ে ৩টায় বলী খেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

খেলা শেষে জয়ীদের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত ও শারীরিক ভাবে প্রস্তুত করতে চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালের বাংলা ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিত।

বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী মাঠে জব্বারের বলী খেলা হয় প্রতিবছর। এবার বলী খেলার ১১৭তম আসর। খেলাকে কেন্দ্র করে হওয়া মেলা রূপ নিয়েছে চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে।

১২ বৈশাখ বলী খেলা অনুষ্ঠিত হলেও লালদিঘী মাঠের আশপাশ ঘিরে প্রায় দেড় কিলোমিটার জুড়ে আগের দিন ও পরের দিন মিলিয়ে তিন দিন হয় মেলা। তবে এসএসসি পরীক্ষার কারণে এবার মেলায় সময় একদিন কমানো হয়েছে।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!