মুন্সীগঞ্জ : শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জ জেলা সফর করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন গজারিয়া উপজেলায় চলমান বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পলক অটিজম স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সার্বিক কল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং তাদের সুপ্ত সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি তাদের শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, ভবন নির্মাণসহ সংশ্লিষ্ট কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে তাদের উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ততা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
এমটিআই
