পিরোজপুর : পিরোজপুর জেলাকে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং রেললাইন স্থাপনের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুরের সামগ্রিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য রেললাইন স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভা শেষে নেতাকর্মীরা পিরোজপুরের উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এমটিআই
