মুন্সীগঞ্জ : বুধবার (২৪ জুন) শ্রীনগর উপজেলায় "নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার" শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড. শবনম শারমিন লুনা।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর জনাব হাছিবুর রহমান, এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), শ্রীনগর গোলাম রাব্বানী সোহেল, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রীনগর উপজেলায় জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ-এর পরিদর্শন উপলক্ষে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক এ সেমিনার ও আলোচনা সভায় নারীর শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশে বাল্যবিবাহ ও মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলার আহ্বান জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে শুধু নিজের সাফল্যের জন্য নয়, পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষিত মা হয়ে একটি আলোকিত ও শিক্ষিত প্রজন্ম গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব ও একাগ্রতার সঙ্গে শিক্ষা অর্জনের আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সেমিনারে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
এমটিআই
