সাভার, ঢাকা: আশুলিয়ার নরসিংহপুর অন্ধ কলোনিতে সাড়ে তিন বছরের শিশু ইসরাফিল ইসলামকে নির্যাতনের অভিযোগে তার আপন মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) রাতের কোনো এক সময় নরসিংহপুর অন্ধ কলোনিতে শিশু ইসরাফিল ইসলামকে নির্মমভাবে মারধর করা হয়। পরে বুধবার (৮ জুলাই) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে তার মা লাবনী বেগম ও সৎ বাবা ছাব্বির আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা লাবনী বেগম ও সৎ বাবা ছাব্বিরকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
