নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলার শহীদ স্মরণিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে।
জানা যায়, স্কুলের একটি বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কয়েকজন সাংবাদিক প্রধান শিক্ষকের সাথে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি বলেন, বিদ্যালয়ে সাংবাদিক ঢুকলে মহাপরিচালকের লিখিত অনুমতিপত্র বা চিঠি লাগবে। এরপর তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকার সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, তথ্য অধিকার আইন অনুযায়ী সাংবাদিকরা জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে পারেন। এভাবে বাধা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা প্রয়োজনে যেকোনো জায়গায় সংবাদ সংগ্রহের জন্য যেতে পারেন। প্রধান শিক্ষকের এরকম ব্যবহার করা ঠিক হয়নি। বিষয়টি আপনারা স্যারকে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, "সংবাদ সংগ্রহ করতে বিদ্যালয়ে ঢুকতে মহাপরিচালকের অনুমতি লাগবে কিনা আমার জানা নেই। তবে সাংবাদিকদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। আমি বিষয়টি দেখছি।
এমটিআই
