ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

ডিম-মুরগির মতো সবজির দামও চড়া

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২৬, ০২:৪৮ পিএম

ডিম-মুরগির মতো সবজির দামও চড়া

ঢাকা : রাজধানীতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছে। এই বৈরী আবহাওয়ার কারণে কাঁচাবাজারে সব সবজির দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। আবহাওয়া খারাপ এই অজুহাতে ডিম, মুরগি ও বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১ মে) ছুটির দিন হলেও সকালে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ভিড় বাড়ে। ক্রেতা কম থাকলেও দামে কোনো স্বস্তি মেলেনি, বরং বেশিরভাগ পণ্যের দাম আরও চড়া হয়েছে। 

বিক্রেতাদের দাবি, বৃষ্টি আর পরিবহণের ভাড়া বৃদ্ধির কারণে পণ্যের দাম এতো বেশি।

বর্তমানে করলা, বরবটি, বেগুন, ঝিঙ্গা, ধুন্দল ও কাকরোলের মতো সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগের তুলনায় কেজিতে প্রায় ২০ টাকা বেশি।

বিক্রেতারা জানান, বৈরী আবহাওয়া ও সরবরাহ কম থাকায় সবজির মূল্যবৃদ্ধি পেয়েছে। তারা আরও জানান, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

অন্যদিকে দাম বাড়ার পর বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দামও সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে এখন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৬০ টাকায়।

রামিসা নামে একজন ক্রেতা বলেন, এক ডজন ডিম কিনলাম ১৩০ টাকা দিয়ে, যা কয়েকদিন আগে কিনেছিলাম ১২০ টাকা দিয়ে।

মাছের বাজারেও স্বস্তি নেই। সব ধরনের মাছ সপ্তাহ ব্যবধানে ১০-২০ টাকা বেড়ে গেছে। বাজার ঘুরে দেখা যায়, পাঙাশ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকায়। হাফ কেজি ওজনের ইলিশের কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, তেলাপিয়া ২৩০, পাবদা ৩৮০, রুই ৩২০ থেকে ৩৬০, কাতল ৪০০, টেংরা ৮৫০, গলদা চিংড়ি ছোট ও বড় যথাক্রমে ১ হাজার থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের দাম ও বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বরং কোনো কোনো সবজিতে সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৬০, করলা ৬০ থেকে ৬৫, পটল ৬০, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৭০, গাজর ৮০, ঢেঁড়স ৬০, চিচিঙ্গা ও ঝিঙা ৭০, শসা ১০০-১১০, বরবটি ৮০, কাঁকরোল ১২০, বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা ও ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছে নগরবাসীর নিত্যদিনের খরচ। বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!