ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,
অর্থমন্ত্রী

ভুয়া আর্থিক তথ্য দেওয়ার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে

বর্তমান সংবাদ | নিজস্ব প্রতিবেদক

মে ২০, ২০২৬, ০৭:৫৫ পিএম

ভুয়া আর্থিক তথ্য দেওয়ার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে

ঢাকা : ভুয়া আর্থিক তথ্য, দুর্বল তদারকি ও জবাবদিহির অভাবে দেশের ব্যাংক ও পুঁজিবাজার থেকে বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং (ফার) সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ডসহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর আওতায় আনা হবে। গত কয়েক বছরে দেশের অর্থনীতি নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। এ সময়ে অনেক প্রতিষ্ঠান কার্যত অকার্যকর হয়ে পড়ে। ব্যাংকিং খাত থেকে পুঁজিবাজার পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়ম, তথ্য গোপন এবং ভুয়া তথ্য উপস্থাপনের একটি সংস্কৃতি তৈরি হয়েছে।

তিনি বলেন, ভুয়া তথ্য দেখিয়ে অনেক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এতে প্রকৃত ও ভাল কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে গেছে। বিনিয়োগকারীদের আস্থা কমেছে এবং বাজারে বড় ধরনের মূলধন সংকট তৈরি হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকের মালিকানা নিয়ে দেশে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। কেউ কিছু শেয়ার কিনেই নিজেকে ব্যাংকের মালিক মনে করেন। অথচ ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের এবং ব্যাংকের অর্থ আমানতকারীদের। কোনো ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না।

তিনি আরও বলেন, মানি লন্ডারিং, দুর্বল করপোরেট ব্যবস্থাপনা ও ভুয়া আর্থিক তথ্য দেওয়ার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার আর্থিক খাত সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তর্জাতিক মানসম্মত আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হিসাববিদ, নিরীক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

হিসাববিদ ও নিরীক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রতিবেদনের ভিত্তিতেই একটি প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হয়। যদি সেই প্রতিবেদন সঠিক না হয়, তাহলে বিনিয়োগকারীদের আস্থা কখনোই ফিরে আসবে না।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!