ঢাকা : দীর্ঘ প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন এবং অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরশেদ মিলটন পান ৪৩ ভোট। অন্যদিকে অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পান ৯৫ ভোট।
বিএফএর সদস্য সংখ্যা ছয় হাজারের বেশি হলেও এবার ভোটার ছিলেন ৪ হাজার ২০০ জন। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান ও অর্থ-সম্পাদক পদে ভোট হলেও এর আগে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও ২৬ জন পরিচালকসহ মোট ৩১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর মো. মোশারফ হোসেন বলেন, ডিলার ও কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করার পাশাপাশি ডিলারশিপ বাতিল এবং কমিশন বৃদ্ধির বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করবেন।
এমটিআই
