ঢাকা : কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন ‘মানসী’ সিনেমার জন্য ১৯৮২ সালে গেয়েছিলেন ‘এই মন তোমাকে দিলাম’। যে গানটি দেশের চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী প্রেমের গানের তালিকায় আছে। সেই গানটি সাবিনা ইয়াসমিন ফের গেয়েছেন ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার জন্য।
যারা এর মধ্যে ‘দম’ দেখেছেন, কেবল তারাই নতুন করে গাওয়া গানটি শুনেছেন। এবার গানটি এসেছে ইউটিউবে।
গানটি সোশাল মিডিয়ায় প্রকাশের পাশাপাশি, ঈদের এক মাস পর দেশের অর্ধশতাধিক হলে মুক্তি পেয়েছে ‘দম’।
'দম' সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল মুক্তির আগে ঘোষণা দিয়েছিলেন, পাইরেসি বন্ধে প্রথম দুই সপ্তাহ সিনেমাটি কেবল মাল্টিপ্লেক্সে চলবে। এক মাস মাল্টিপ্লেক্সে চালিয়ে সিনেমাটি শুক্রবার থেকে সারাদেশের একক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
শাকিল বলেন, "অভিনেতা আফরান নিশোর ভক্তরা এবং সাধারণ দর্শকেরা যারা এত দিন সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন, তারা এবার নিরাশ হবেন না। আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মৌলিক গল্প দেশের দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।"
‘দম’ সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে, এনজিও কর্মী শাহজাহান ইসলাম নূর আফগানিস্তানে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে বন্দি হন। সেই বন্দিদশা থেকে নূরের পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্পের সিনেমা 'দম'।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী; তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, আবুল হায়াত, ডলি জহুরসহ অনেকে।
সিনেমার বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
এই সিনেমার বিশেষ আকর্ষণ সাবিনা ইয়াসমিনের প্লেব্যাক করার ঘটনা। দীর্ঘ ৪৪ বছর পর তিনি ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন।
গানটি নতুন করে গাওয়ার প্রতিক্রিয়ায় সাবিনা ইয়াসমিন বলেছিলেন, “নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।”
‘দম’ এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।
এমটিআই
