ঢাকা : ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ নিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
বুধবার (২২ জুলাই) এই মামলা ভারতের প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান এক আইনজীবী। তবে তা শুনতে অস্বীকার করে দেশটির সর্বোচ্চ আদালত।
আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। নিজের সময়ও নষ্ট করবেন না।’
ওই আইনজীবী আদালতকে বলেন, জনগণের স্বার্থেই আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছেন, নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভ করছেন। তাকে মাঝপথে থামিয়ে দেশটির প্রধান বিচারপতি বলেন, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ’।
এরপর ওই আইনজীবী কিছু ভিডিও দেখিয়ে পুলিশি নির্যাতনের প্রমাণ দিতে চেয়েছিলেন। তবে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নেই। আমরা কোনো ভিডিও দেখতে পারব না।’
মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই মর্মে কোনো জরুরি শুনানি করতে রাজি হয়নি। পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দায়ের মামলা সম্পর্কে দিল্লি হাইকোর্ট বলে দেয়, ‘এসবের মধ্যে আদালতকে টেনে আনবেন না।’
শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি ও এর সমর্থকরা।
এই প্রধান বিচারপতি সূর্য কান্তের করা একটি মন্তব্য থেকেই জন্ম হয় ককরোচ জনতা পার্টির। দেশের বেকার যুব সম্প্রদায়কে ‘তেলাপোকা’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। সূত্র: এনডিটিভি
