ঢাকা : আবারও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার শিকার হলে ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করার পথে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইউরেনিয়ামের এই মাত্রাকে ‘অস্ত্র-গ্রেড’ বা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
ইরানের পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'আরেকটি হামলা হলে ইরানের বিকল্পগুলোর একটি হতে পারে ৯০ শতাংশ সমৃদ্ধকরণ।' তিনি জানান, বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে।
তার এমন মন্তব্য এমন সময় এলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ বিবেচনা করছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে পরমাণু আলোচনা অচলাবস্থায় রয়েছে।
ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সম্প্রতি তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত 'ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ' করছে।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে, যা ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড পর্যায়ে পৌঁছানোর জন্য খুব ছোট একটি প্রযুক্তিগত ধাপ।
বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়ামের মাত্রা যত বাড়ে, পরবর্তী ধাপে সমৃদ্ধকরণ তত সহজ হয়ে যায়। শূন্য থেকে ২০ শতাংশে পৌঁছানো যত কঠিন, ২০ থেকে ৬০ কিংবা ৯০ শতাংশে যাওয়া তুলনামূলকভাবে সহজ।
ইরান ২০০৬ সালে শিল্প পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, এই কর্মসূচি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে।
এমটিআই
