মুন্সীগঞ্জ : ব্যস্ত সংবাদকর্মীদের কলম আর ক্যামেরা ছাপিয়ে এবার মাঠজুড়ে ছিল ফুটবলের উচ্ছ্বাস। প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটি ও তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতি।
খেলায় দুই দলের অতিথি খেলোয়াড় হিসেবে মাঠ মাতান তেঁতুলিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং লাইছুর রহমান। ফুটবল পায়ে তাদের প্রাণবন্ত অংশগ্রহণ মাঠের পরিবেশকে আরও আনন্দময় করে তোলে।
পুরো খেলাটি দর্শক সারিতে প্রধান অতিথির আসনে বসে উপভোগ করেন তেঁতুলিয়ার ইউএনও আফরোজ শাহিন খসরু। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, আর সেই আনন্দে শামিল হন অতিথি থেকে শুরু করে খেলা দেখতে আসা সাধারণ দর্শকরাও।
প্রতিদিন সংবাদ সংগ্রহের ব্যস্ততায় ডুবে থাকা সাংবাদিকদের জন্য এই আয়োজন ছিল এক ভিন্ন অনুভূতির রঙিন বিকেল। দক্ষ খেলোয়াড়ের মতো নিখুঁত খেলা না হলেও, এলোমেলো দৌড়ঝাঁপ আর হাসি-আনন্দে ভরা মুহূর্তগুলো ছিল দারুণ উপভোগ্য। ফুটবল যেন এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিয়েছিল পেশাগত সব চাপ ও ক্লান্তি।
এই প্রীতি ম্যাচ শুধু খেলায় সীমাবদ্ধ ছিল না; এর মধ্য দিয়ে ফুটে উঠেছে আন্তঃজেলার সাংবাদিকদের সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের বন্ধন।
আর এমন সুন্দর আয়োজনের মাধ্যমে তেঁতুলিয়ার সাংবাদিক সমাজ যে সম্পর্ক ও সম্প্রীতির দিক থেকে নতুন দৃষ্টান্ত তৈরি করছে, সেই কৃতিত্বের বড় অংশই যায় আইনজীবী ও সাংবাদিক মুঃ আবুসাঈদ সোহান ভাইয়ের প্রতি। তাঁর উদ্যোগ ও আন্তরিকতায় স্মরণীয় হয়ে থাকবে এই আনন্দঘন আয়োজন।
এমটিআই
