মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সড়কে যানজট নিরসন, সড়কের শৃঙ্খলা নিশ্চিতকরণ, চাঁদাবাজী রোধ এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর সভাপতিত্বে বাস, ট্রাক,মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন সড়কে যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ডে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা, যেখানে-সেখানে যানবাহন পার্কিং বা দাড় করানো থেকে বিরত থাকা, সড়কে কোন চাঁদাবাজি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত স্থান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সড়ক দূর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ফিটনেসবিহীন যানবাহন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকা সর্বোচ্চ সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার মহোদয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানী, অসৌজন্যমূলক আচরণ এবং আইনবহির্ভূত কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, চাঁদাবাজি রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমটিআই
