নেত্রকোনা : নেত্রকোনা জেলার বৃহৎ ও হাওরবেষ্টিত উপজেলা মদন। প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের এই উপজেলায় প্রশাসনিক কার্যক্রম এখন চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। নিয়মিত কর্মকর্তার অভাবে সরকারি সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাওরবাসী।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের আওতাধীন ১৭টি দপ্তরের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক বছর, মহিলা বিষয়ক অধিদপ্তরে তিন বছর এবং মৎস্য অফিসে এক বছর ধরে কোনো নিয়মিত কর্মকর্তা নেই। সমাজসেবা অফিসসহ আরও দুটি গুরুত্বপূর্ণ দপ্তরও দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব দিয়ে। এতে একজনের কাঁধে ঝুলছে একাধিক দায়িত্ব।
এসব দপ্তরের দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা। কিন্তু তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে মাসে মাত্র ২ থেকে ৪ দিন অফিসে আসেন বলে জানা যায়।
শুধু তাই নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমকে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্বও পালন করতে হচ্ছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী মদনের পাশাপাশি আরও দুই উপজেলার দায়িত্বে রয়েছেন।
একইভাবে উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরও অন্য উপজেলার দায়িত্বে আছেন। উপজেলা কৃষি, প্রাণিসম্পদ, সমবায় ও সহকারী শিক্ষা কর্মকর্তারাও একটি করে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
ফলে জরুরি সেবা নিতে আসা মানুষজনকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। কাগজপত্রে স্বাক্ষর, প্রকল্পের বিল পাশ, ভাতার আবেদনসহ নানা কাজ আটকে থাকছে মাসের পর মাস।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি কর্মকর্তা বলেন,"নিজেদের দপ্তর সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এর ওপর একাধিক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় সেবা দিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের জন্য জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।
হাওর অঞ্চলের এই উপজেলায় দ্রুত নিয়মিত কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মতে, দ্রুত পদগুলো পূরণ না হলে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে দিন দিন জনভোগান্তি আরও বাড়বে।
এমটিআই
