ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

মদনে মাদক কারবারিসহ ৪ জন আটক

বর্তমান সংবাদ | মদন (নেত্রকোণা) সংবাদদাতা

আগস্ট ২৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

মদনে মাদক কারবারিসহ ৪ জন আটক

নেত্রকোণা : নেত্রকোণার মদনে পৃথক অভিযানে মাদক কারবারিসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় হিরন মিয়া (২৫) নামে এক যুবকের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে আটককৃতদের নেত্রকোণা জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন করিম।

আটককৃতরা হলেন- হিরন মিয়া উপজেলার রত্নপুর পূর্বপাড়া গ্রামের আক্কাস মিয়ার ছেলে, বায়জিত আহম্মেদ অপু (৩৫) পৌরসভার জাহাঙ্গীরপুর এলাকার মো. মজিবর রহমান বাচ্চুর ছেলে, রতন রবিদাস (৫৪) পৌরসভার ইমদাদপুর গ্রামের মৃত সুধন রবিদাসের ছেলে ও মো. রাকিব (১৯) সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের কাসেম মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরন মিয়াকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মো. বায়জিত আহম্মেদ অপুর বিরুদ্ধে মাদক মামলায় ২ বছরের সাজাসহ ১টি জিআর ও ২টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রতন রবিদাস একটি জিআর মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মো. রাকিব গ্রেপ্তারি পরোয়ানার আসামি। তাদের পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

ওসি সালাউদ্দীন করিম জানান, মাদক ও অপরাধ নির্মূলে মদন থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!