ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬,

‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’, বললেন নিশো

বর্তমান সংবাদ | বিনোদন ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৬:৫২ পিএম

‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’, বললেন নিশো

ঢাকা : অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে এসেছে 'দম' সিনেমার টিজার।

রোববার দুপুরে প্রকাশ হওয়া ৫৪ সেকেন্ডের টিজারে দেখা গেছে অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীকে।

টিজারের পুরোটা সময় জুড়েই ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন, ভীত চেহারায় দেখা গেছে আফরান নিশোকে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতেও ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক। আতঙ্কিত এবং অবাক হতে দেখা গেছ চঞ্চল চৌধুরীকে।

তবে পুরো দৃশ্যে অভিনয়শিল্পীরা কেন পালাচ্ছেন, কে তাড়া করছে সেই বিষয়টি উঠে আসেনি। ভিডিওর শেষে নিশোকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’।

বিজ্ঞপ্তিতে সিনেমাটি নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, "দম সিনেমা দিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমাটির একটি সারাংশ মাত্র।

এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কী না আমার জানা নেই। তার কিছু আভাস হয়ত দর্শকরা টিজারে পেয়েছেন। এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।

‘দম’ নিয়ে নিশো বলেন, দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুক টিজার দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।

সিনেমায় অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম রানি। তার মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের।

’দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এবং চরকি। নির্মাতা রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

এমটিআই

বর্তমান সংবাদ

Royal Haven Hotel
Link copied!