ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,

শিরোপা মিশনে মোহামেডানের ডাগআউটে আর্জেন্টিনার কোচ

বর্তমান সংবাদ | ক্রীড়া প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৬, ০৭:২১ পিএম

শিরোপা মিশনে মোহামেডানের ডাগআউটে আর্জেন্টিনার কোচ

ঢাকা : আসন্ন ফুটবল মৌসুমে শিরোপার লক্ষ্য নিয়েই দল সাজাচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলবদলের বাজারে এরই মধ্যে বড় চমক দেখিয়েছে সাদাকালো শিবির। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে একসঙ্গে নয়জন তারকা ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে তারা। এবার সেই দলকে শিরোপার জন্য প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে।

ভারতীয় ফুটবলে সাফল্যের ছাপ রাখা ৫৩ বছর বয়সী এই কোচকে আসন্ন মৌসুমের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ নিয়োগের বিষয়টি জানান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুসহ ক্লাবের কর্মকর্তারা।

আর্জেন্টিনার মার দেল প্লাতায় জন্ম নেওয়া ভারেলা স্পেনেরও নাগরিক। কোচিংয়ে সর্বোচ্চ ডিগ্রি ‘উয়েফা প্রো লাইসেন্স’ রয়েছে তাঁর। তবে কোচ হিসেবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ভারতের ঘরোয়া ফুটবলে সাফল্যের কারণে। ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়ে ক্লাবটিকে কেরালা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করেন ভারেলা। পরের বছর তাঁর অধীনেই ডুরান্ড কাপ জেতে গোকুলাম। এরপর ২০২০-২১ মৌসুমে চার্চিল ব্রাদার্সের দায়িত্ব নেন তিনি। ভারেলার অধীনে ১৫ ম্যাচে আট জয় ও পাঁচ ড্র নিয়ে আই-লিগে রানার্সআপ হয় দলটি।

এরপর এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ২০২৩ সালে দলটিকে স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপের শিরোপা এনে দেন ভারেলা। তাঁর অধীনে সেবার ১৯ ম্যাচে ১২টি জয় পায় বেঙ্গালুরু। বাংলাদেশে আসার আগে ভারতে তাঁর সর্বশেষ ঠিকানা ছিল এসসি দি গোয়া। ভারেলার কোচিং ক্যারিয়ার ও ভারতীয় ফুটবলে সাফল্যই তাঁকে মোহামেডানের জন্য আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে সীমিত সামর্থ্যের দলকে সংগঠিত করে সাফল্য এনে দেওয়ার অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চাইছে সাদাকালো শিবির।

অন্যদিকে বসুন্ধরা কিংস থেকে আসা নয় ফুটবলারসহ মোহামেডানের এবারের স্কোয়াডও বেশ ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দলকে এখন ভারেলার কৌশলে কতটা কার্যকর করে তোলা যায়, সেটিই বড় চ্যালেঞ্জ। দলবদলে বড় চমকের পর এবার ডাগআউটেও স্প্যানিশ ছোঁয়া এনেছে মোহামেডান। শক্তিশালী স্কোয়াডের সঙ্গে ভারেলার কৌশল কতটা কার্যকর হয় এবং দীর্ঘদিনের শিরোপা-খরা কাটিয়ে সাদাকালোরা ট্রফি জয়ের লড়াইয়ে কতটা এগোতে পারে, সেই উত্তর মিলবে মাঠেই।

এমটিআই

বর্তমান সংবাদ

banner
M. J. Holiday Resort
Tasneem Sinha
Link copied!