মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট জ্বালানি তেল মজুদ রয়েছে এবং জেলা প্রশাসন সর্বদা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর- বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জ্বালানি তেলের চাহিদা, যোগান ও সরবরাহ এবং জেলার সার্বিক পরিস্থিতি সংক্রান্ত একটি প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিং সুত্রে জানা যায় , জেলায় বর্তমানে মোট ১৯টি পেট্রোল পাম্প, ১১টি এজেন্সি এবং ০৬টি ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত (১৯ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট জ্বালানি তেলের মজুদ ছিল- ডিজেল: ১,১৭,১২০ লিটার, পেট্রোল: ৫,২০৮ লিটার, অকটেন: ১২,২২১ লিটার।
আরও জানানো হয়, বর্তমানে ফিলিং স্টেশনসমূহে বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিপো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম এবং আড়িয়ল বিল অঞ্চলে ধান কর্তনের জন্য প্রয়োজনীয় জ্বালানি গত (১৯ এপ্রিল) থেকে চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশন, ডিলার ও এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। কৃষকদের চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে ডিপো থেকে তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ,মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ড. মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
এমটিআই
